এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চলতি এপ্রিল ও আগামী মে মাসের জন্য দেশের প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানির পূর্ণ মজুত রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির চেষ্টা করছে।

পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়ানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানির বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights