এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর কথা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

একটি উপসাগরের নাম বদলেছেন। এবার একটি হ্রদের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতেই থামতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানেই দুই মহাসাগরের নাম বদলের প্রসঙ্গ তোলেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন একটি উপসাগর আছে এবং একটি হ্রদও আছে। এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। হয়তো দুটোর নামই বদলে দেব।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার সময় আমেরিকাকে আবার মহান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্নের মধ্যেই তাঁর প্রশাসনের একের পর এক নাম পরিবর্তনের উদ্যোগ আলোচনায় এসেছে।

ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়েছে বলেও সমালোচনা রয়েছে। একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়েও নানা আলোচনা চলছে। দেশ বদলানোর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন স্থাপনা, কর্মসূচি ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে তিনি বেশ সক্রিয়।

গালফ অব মেক্সিকো এবং লেক ওন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগ ছাড়াও গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি পরিকল্পিত শ্রেণি, ধনী বিদেশিদের জন্য একটি ভিসা কর্মসূচি, সরকার পরিচালিত প্রেসক্রিপশন ওষুধের একটি ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সেভিংস অ্যাকাউন্টসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতীক ও প্রতিষ্ঠানের সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টা করে আসছেন ট্রাম্প।

এবার সেই তালিকায় আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নামও যুক্ত হতে পারে কি না, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর সেই আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights