এবার ডিএমপি থেকে এডিসি হারুনকে বদলি

অনলাইন ডেস্ক

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে ডিএমপি থেকে এপিবিএনে বদলি করা হয়েছে।

রবিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন, না হয় ১৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি।

এর আগে ছাত্রলীগের নেতাদের পেটানোর ঘটনায় এডিসি হারুন অর রশিদকে ডিএমপির রমনা জোন থেকে বদলি করা হয় পিওএম উত্তর বিভাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights