নবীনগরে বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ হোসেন, ঢাকা দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজিব ভূঁইয়া এবং নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন।
এছাড়াও জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, যুববিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বিএনপির রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকসভায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
