টাঙ্গাইলে লেবু বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবুবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সালাম (৪৮) ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) রাত ১০ টার দিকে নিহত আব্দুস সালাম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না ফিরে যাওয়ায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার লাশ দেখতে পায় স্বজনরা।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পর বৃহস্পতিবার সকালে আমাদের লেবুবাগানে তার গলা কাটা লাশ পাওয়া যায়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights