এবার নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

আরও এক মামলায় অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। পরাজয়ের পর ওই নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন তিনি। ঘটনার তিন বছর পর ওই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হল।

এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, সাক্ষীকে হেনস্তা এবং রাষ্ট্রের জনগণের অধিকারের বিরুদ্ধে প্রতারণা করা।
তবে ৭৭ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কোনও ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে রাষ্ট্রের গোপন নথির অপব্যবহার এবং এক পর্ন তারকাকে অর্থের মাধ্যমে মুখ বন্ধ রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল ট্রাম্পকে। এবার তার বিরুদ্ধে তৃতীয় মামলায় অভিযোগ গঠন করা হল।

২০২০ সালের নির্বাচন ট্রাম্প হেরে যাওয়ার পরবর্তী দুই মাস এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের হামলার বিষয়টির ওপর তদন্ত করা হয়েছে।

আর এ তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ‘আমাদের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল।’

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ছয়জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যারমধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক।

অভিযোগপত্রে বলা হয়েছে ট্রাম্প ক্ষতিসাধনের ষড়যন্ত্র, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন।

এছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাম্প ভোটের কারচুপির যে অভিযোগ করেছিলেন তা পুরোপুরি মিথ্যা এবং তিনি নিজেও জানতেন তার অভিযোগ মিথ্যা।

এতে আরও বলা হয়েছে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্টে হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প। তা সত্ত্বেও দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।

অভিযোগপত্রে কয়েকজন সরকারি কর্মকর্তা ও ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে— যারা সাবেক প্রেসিডেন্টকে জানিয়েছিলেন তিনি নির্বাচনে হেরে গেছেন এবং ভোটে কোনও ধরনের কারচুপি হয়নি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights