‘এমন পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়ের দেখা পায়নি রেড ডেভিলসরা। সবশেষ চ্যাম্পিয়নস লিগে কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন দলের ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।

মৌসুমে ১১ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ইউনাইটেড। সবশেষ ১০ সেপ্টেম্বরের পর থেকে আর জয়ের মুখ দেখেনি দলটি। কোমোর কাছে হারে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ২০ নম্বরে ইউনাইটেড। এমন হারের পর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের মন্তব্যেও দলের কৌশল নিয়ে প্রশ্ন ওঠে।

রবিবার বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের হোম ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগেই আবেগঘন বক্তব্য দেন ক্যারিক। সমর্থকদের হতাশার কথা স্বীকার করে তিনি বলেন, দলের বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন।

ক্যারিক বলেন, ‘সম্প্রতি আমাদের সময়টা ভালো যাচ্ছে না। বিষয়টি সবার কাছেই স্পষ্ট। তাই আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তার সম্পূর্ণ দায় আমি স্বীকার করছি।’

কোমোর বিপক্ষে হারকে নিজের কোচিং মেয়াদের অন্যতম কষ্টদায়ক রাত হিসেবে বর্ণনা করেন ক্যারিক, ‘বুধবার রাতটা ছিল খুবই খারাপ। নানা কারণে রাতটি আমাদের জন্য কঠিন ছিল। এটা ভীষণ কষ্ট দিয়েছে। দলকে এভাবে খেলতে দেখে আমি কষ্ট পেয়েছি। ম্যাচের পরও বলেছি, এমন পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এই হারের পর ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে দলের কৌশল নিয়ে তার বক্তব্যকে অনেকে কোচের পরিকল্পনার প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন।

খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনায় ড্রেসিংরুমে বিভক্তি তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নে ক্যারিক তা নাকচ করে দেন। তবে ফার্নান্দেজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। পর্তুগিজ মিডফিল্ডারের সঙ্গে হারের পর তার কোনো আলোচনা হয়েছে কি না, সেটিও প্রকাশ করেননি।

ক্যারিক বরং দলের হারিয়ে যাওয়া পরিচয় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এই ক্লাবের প্রতিনিধিত্ব করে, সমর্থকদের প্রতিনিধিত্ব করে এবং তাঁদের গর্বিত করতে পারে—এমন একটি দল মাঠে নামানোই আমার দায়িত্ব। সাম্প্রতিক কিছু ম্যাচে আমরা সেই পরিচয় থেকে সরে গেছি। বিষয়টি আমি পুরোপুরি বুঝতে পারছি এবং পরিস্থিতি বদলাতে কাজ করছি।’

কোমোয় দলের খেলা দেখতে অনেক সমর্থক সময় ও অর্থ ব্যয় করে গিয়েছিলেন। তাদের হতাশার কথাও বিশেষভাবে উল্লেখ করেন ক্যারিক।

তিনি বলেন, ‘সমর্থকেরা এই ফুটবল ক্লাবের বিশাল একটি অংশ। তাদের অনেক চেষ্টা করতে হয়, সময় ও অর্থ ব্যয় করতে হয়। বুধবার আমাদের মতো তাদেরও যেভাবে কষ্ট পেতে হয়েছে, সেটি ছিল অত্যন্ত কঠিন মুহূর্ত।’

২০২৬ সালের জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নেন ক্যারিক। তার অধীনে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে থেকে শেষ করে ইউনাইটেড এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

গত মে মাসে দুই বছরের চুক্তি করেছিলেন ক্যারিক। কিন্তু সাম্প্রতিক সময়ের বাজে ফলাফলে কোচের ওপর চাপ বাড়ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়লেও আত্মবিশ্বাস হারাননি ক্যারিক। তার বিশ্বাস, গত মৌসুমে দলের পারফরম্যান্সে যে উদ্যম ও পারস্পরিক সংযোগ দেখা গিয়েছিল, তা আবার ফিরিয়ে আনা সম্ভব।

ক্যারিক বলেন, ‘বছরের শুরুতে পাঁচ মাস ধরে সমর্থকেরা যে অনুভূতি পেয়েছিলেন, তাদের আবার সেই অনুভূতি ফিরিয়ে দিতে হবে। আমরা সেখানে ফিরে যাব। এ বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।’

তবে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছে না। সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় এসেছে আন্তোনিও কন্তের নামও। যদিও শুক্রবার সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ জানান, কোনো ক্লাবের সঙ্গে তার আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

ক্যারিক স্বীকার করেছেন, দল সম্প্রতি নিজেদের পথ হারিয়েছে। তবে এর দায় অন্য কারও ওপর চাপাতে চান না তিনি। বরং সবাইকে আড়ালে রেখে নিজে সমালোচনা ও চাপ সামলানোই তার দায়িত্ব বলে মনে করেন। তার ভাষায়, ‘আমার দায়িত্ব হলো সবার মাথার ওপর ছাতা ধরে রাখা, যাতে বৃষ্টি আমার গায়ে পড়ে আর বাকিরা শুকনো থাকে।’

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে সাত পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ১৫তম স্থানে আছে বোর্নমাউথ। রোববারের ম্যাচটি তাই ক্যারিকের জন্য শুধু ঘুরে দাঁড়ানোর সুযোগই নয়, নিজের নেতৃত্বের ওপর আস্থা ফেরানোরও বড় পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights