এমবাপে-ভিনিসিউসের গোলে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক
রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করল সেল্তা ভিগো। একবার সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশাও জাগাল তারা। তবে, দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারল না দলটি। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচ ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। পুরো ম্যাচে বল দখলের হিসেবে রিয়াল একটু এগিয়ে থাকলেও, বেশি আক্রমণ করে সেল্তা। গোলের জন্য সেল্তা ১৩ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে, রিয়ালের ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে।
এই জয়ের পর রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

শুরুতে প্রতিপক্ষের ভুলের সুযোগে ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। নিজেদের সীমানায় সেল্তা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা, এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোলটি করেন তিনি।
মধ্য বিরতির চার মিনিট পর গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ত।
৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান রিয়াল কোচ। আর মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিচ।
মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক রক্ষণচেরা থ্রু পাস বাড়ান ক্রোয়াট তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিউস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights