এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফলাফল প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়া প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নেন। ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে অকৃতকার্য হন তিনি।
তানিয়ার মা কবিতা খাতুন জানান, সোমবার সন্ধ্যায় তিনি দুই মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন। রান্না শেষে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় তানিয়া তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিলেন। পরে সাদিয়া ঘুমিয়ে পড়লে তানিয়া নিজের কক্ষে চলে যান এবং দরজা বন্ধ করে দেন।
রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিদ্যুৎ ফিরে এলে তানিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকেন পরিবারের সদস্যরা। কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যু নিশ্চিত করেন।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, তানিয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।এবার পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হন।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তানিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
