দুর্গাপুরে লোকালয়ে বিরল লজ্জাবতী বানর, বনে অবমুক্ত
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে চলে আসা বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করেছেন স্বেচ্ছাসেবকেরা।
সোমবার সন্ধ্যার পর উপজেলা সদরের ফারাংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফের চত্বরে বানরটি দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরিচিত প্রাণীটি দেখতে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেটিকে আটক করে বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য অ্যানিমেলস অব সুসং’-এর সদস্যদের খবর দেন।
খবর পেয়ে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির পরিচয় নিশ্চিত করেন। পরে সোমবার রাতেই বানরটিকে উদ্ধার করে ফারাংপাড়ার গভীর বনে অবমুক্ত করা হয়।
সংগঠনটির সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, এ পর্যন্ত তারা ১৬টি বিভিন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করেছেন। অনেক সময় বন বিভাগের সহায়তায় উদ্ধার করা প্রাণীর চিকিৎসা করিয়ে পরে বনে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া বনরুই, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীও উদ্ধার করেছেন তারা। এর আগে সংগঠনটি ৬৫টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
রিফাত আহমেদ রাসেল বলেন, দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন এলাকায় প্রায়ই খাদ্য ও আশ্রয়ের সন্ধানে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। স্থানীয়দের অনেকে প্রাণী আটক করার পর তাদের খবর দেন। আবার কেউ কেউ বন্যপ্রাণী গোপনে রেখে দেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, বন উজাড়ের কারণে বন্যপ্রাণীরা খাবার ও আশ্রয়ের সংকটে পড়ছে। এ কারণে তারা লোকালয়ে চলে আসছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হওয়ার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে তা না ধরে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
