ওষুধ ব্যবহারের নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার মেগান শুট
অনলাইন ডেস্ক
প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের নিয়ম ভঙ্গ করায় অস্ট্রেলিয়ার তারকা পেসার মেগান শুটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এএফপি প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এ শাস্তির কথা জানানো হয়।
৩৩ বছর বয়সী শুট সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন। তবে প্রত্যাশিত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসাবিষয়ক নির্দেশনার শর্ত ভঙ্গ করেছেন শুট।
বিবৃতিতে বলা হয়, প্রতিযোগিতার বাইরে থাকাকালে একবার এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, শুটকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অব্যাহত রাখা হবে। একই সঙ্গে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রত্যেকের জন্য প্রযোজ্য মানদণ্ড ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা জোরদার করা হবে।
দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না শুট। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে নারী বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।
অস্ট্রেলিয়ার হয়ে ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলা শুট বলেন, ‘আমার ওপর আরোপিত শাস্তি আমি পুরোপুরি মেনে নিচ্ছি। আমার কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, তা পূরণ করতে ব্যর্থ হওয়ায় আমি দুঃখিত।’
