ককপিটের ঘটনার পর ইসরায়েলগামী ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই

অনলাইন ডেস্ক
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ককপিটের ভেতরে পাইলটদের মধ্যে সংঘাতের পর ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাটি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সৌদি আরব তদন্ত শুরু করার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার ১৭৪ যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি ককপিটে সংঘাতের পর সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে একটি ‘বিবাদ’ হয়েছিল। পরে ক্রুরা বিমানটি নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে সৌদিতে অবতরণ করান।

সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় বিমানের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদ ছিলেন।

ঘটনার এক দিন পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি দাবি করে, ঘটনাটি ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর একটি কথিত ‘ফলস ফ্ল্যাগ’ পরিকল্পনার অংশ হতে পারে। অজ্ঞাত এক আঞ্চলিক সূত্রের বরাতে তারা দাবি করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে গোপন সফরের সময় কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের সঙ্গে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।

তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি প্রেস টিভি। ইসরায়েল, ইউএই ও যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টারের তদন্তেই এখন ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের অপেক্ষা।

সূত্র: আন্দুলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights