কক্সবাজারে তিন লাখ ইয়াবাসহ নারী কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে তিন লাখ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার খালেদা বেগম কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তার পিতা কাদের হোছন এবং মাতা খতিজা বেগম। তার বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসআরবি-১৫ সূত্র জানায়, ২৮ অক্টোবর রাতে কক্সবাজারের রামু থানাধীন কচ্ছপিয়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া জেবর মল্লিকের চাষের জমিতে মাদক দ্রব্য উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে খালেদা বেগম(৪০) নামে এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। পরবর্তীতে, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খালেদা বেগমের স্বীকারোক্তি ও দেখানো মতে কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া দক্ষিণ পশ্চিম দিকে জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাকো সংলগ্ন নালার পানির নিচে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
