কঠিনচীবর দানোৎসব ঘিরে রঙিন পাহাড়
রাঙামাটি প্রতিনিধি
কঠিনচীবর দানোৎসবকে ঘিরে উৎসবের রঙে সেজেছে পাহাড়। মাসব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বৌদ্ধ বিহারগুলোতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিনচীবর দান। উৎসব ঘিরে
পাহাড়জুড়ে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। বিহারগুলো সাজানো হয়েছে রঙিন বাতি ও কাগজের কারুকাজে। পাশাপাশি চলছে ফানুস উড়ানো, হাজার বাতি ও আকাশ প্রদীপ প্রজ্বালন। এ উপলক্ষে রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ভারবোয়াচাপ বন বিহার মাঠে আয়োজন করা হয় ৩০তম কঠিনচীবর দানোৎসব। দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, হাজার বাতি দান ও কল্পতরু প্রদক্ষিণসহ নানা ধর্মীয় কর্মসূচি।
উৎসবের দ্বিতীয় দিনে কল্পতরু ও কঠিন চীবর নিয়ে বিহার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন সংঘপ্রধান সৌরজগত মহাস্থবির, বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিনবোধি মহাস্থবির, তপোবন বন কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির এবং রাজবন বিহারের আবাসিক ভিক্ষু বিধুর মহাস্থবির। উৎসবে অংশ নেওয়া ভক্ত ও পুণ্যার্থীরা দেশ, জাতি ও মানবতার কল্যাণ এবং সবার সুখ-শান্তি কামনায় প্রার্থনা করেন।
