কথা কাটাকাটির জেরে বৃদ্ধ নিহত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় মোরগে মরিচের চারা খাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মোজাজ্জল হোসেনের ছেলে ওসমান গনি (৭০)। এ ঘটনায় একই বাড়ির আবুল হোসেনের ছেলে মহিউদ্দিনকে (৩০) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওসামান গণি ও মহিউদ্দিনের বাড়ি পাশাপাশি। তারা একে অপরের প্রতিবেশী ও সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের দুই বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় মহিউদ্দিন মরিচের চারা রোপন করেন। সকালে ওসমান গণির পালিত মোরগ মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওসমান গণি তার ঘরের সিঁড়িতে গিয়ে বসে পড়েন। এক পর্যায়ে মহিউদ্দিন তাকে (ওসমান গণি) ধাক্কা দিয়ে খড়ের গাঁদায় ফেলে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হার্টের সমস্যা থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। পথে সাড়া শব্দ না পেয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. জাকির, মো. নূরুজ্জামান ও মো. রমজান বলেন, আমাদের পালিত মোরগ নাকি মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে। এ জন্য সে বাবাকে গালমন্দ ও কিল ঘুষি মেরে ফেলে দিয়ে হত্যা করে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাহিদুজ্জামান সূর্য্য বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ওসমান গণিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরে পড়ে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত দশ বছর যাবত তিনি হার্টের ওষুধ সেবন করতেন। আগেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। আজও অতিরিক্ত উত্তেজনার ফলে পুনরায় তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে তিনি মারা গেছেন।

এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে ওসমান গণির মোরগ। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান গণিকে মহিউদ্দিন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের কোথায়ও কোনো জখমের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights