কফি ও কাজুবাদাম চাষে অপার সম্ভাবনা রয়েছে: মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে বাণিজ্যিকভাবে কফি, কাজুবাদাম ও রাম্বুটান চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

শনিবার (৭ নভেম্বর) বান্দরবানের চিম্বুক রেঞ্জের বাবুপাড়ায় স্থানীয় এক কৃষি উদ্যোক্তার কফি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে স্থানীয় পাহাড়ি কৃষকদের ‘কফি, কাজুবাদাম ও রাম্বুটান গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় চাষাবাদ থেকে ফসল সংগ্রহ পর্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সার্বিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক বাগান গড়ে তুলতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

পাহাড়ি জনপদে পানির সংকট নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, ম্রো পাড়াগুলোতে সুপেয় পানির সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে পানিবাহী ট্রাকের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে, যা সারা বছর অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শুধু দৈনন্দিন পানির চাহিদা পূরণ নয়, পাহাড়ের ফলজ বাগান ও কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করাও জরুরি। এ জন্য ঝিরি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সারা বছর পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রুমা উপজেলার লংবাইতং পাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত সীমা বিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights