করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, তবে প্রাণহানির আশঙ্কা কম : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, তবে প্রাণহাণির আশঙ্কা কম। এই নতুন ধরনের জন্য প্রচলিত টিকাই দেওয়া হবে।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম মিটিংয়ের বিষয়বস্তু, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
অবৈধ ক্লিনিক প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, হঠাৎ করে ক্লিনিক বন্ধ করা যায় না। তবে অবৈধ ক্লিনিকের তালিকা এসেছে। এই তালিকা ধরে অভিযান চলবে। এ সময় তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু বদলানো সম্ভব না। মানুষের আস্থা নেই বলেই মানুষ বিদেশে যাচ্ছে। সেই আস্থা ফেরাতে রুট লেভেল পর্যন্ত কাজ করতে হবে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, দেশে করোনার অমিক্রন ধরনের উপধরন জেএন ১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির দেহে এই নতুন ধরন শনাক্ত হয়েছে।
