করোনার ভুয়া রিপোর্ট: সাহেদ করিমসহ পাঁচজনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর এই অভিযোগ গঠন করেন।

মামলার অন্য আসামিরা হলেন- দীপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দীপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
নথি থেকে জানা গেছে, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।

২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights