কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া, আড়াই শ’ গ্রাম চিনি, এক প্যাকেট বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

শনিবার সকাল থেকে এসব জরুরি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মহিপুর, লতাচাপলী, ধুলাসার, কুয়াকাটা, লালুয়া ও চম্পাপুর ইউনিয়নে এসব সহায়তা পর্যায়ক্রমে বিতরণ করা হয়। মোট ১২০০ পরিবারকে সরকারের পক্ষ থেকে দুর্যোগকালীন সহায়তা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights