শিল্পাঞ্চলে গ্যাস সংকট: কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক সত্যতা মিলেছে — বিদ্যুৎ উপদেষ্টা
কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান
গাজীপুরের কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল করিম খান। শনিবার (৩১ মে) সকাল ১১টায় কালিয়াকৈরের শিল্প-কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। শনিবার (১ জুন) সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় উপদেষ্টা আরও জানান, দেশে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা-কর্মচারী এ অনিয়মে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকার বিভিন্ন কারখানা, বিশেষ করে তাওয়াল ট্রেক্স কারখানা পরিদর্শন করেন সরেজমিনে গ্যাস সংকটের প্রভাব দেখেন।
গত কয়েক মাস ধরেই গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় তৈরি পোশাক, সুতা উৎপাদনসহ বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্প্রতি গ্যাসচাপ আরও কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে শিল্প উদ্যোক্তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে।
