কাজের কথা বলে বাংলাদেশ থেকে ভারতে, পাচারকারীসহ আটক ৮
দীপক দেবনাথ, কলকাতা
পাচারকারীদের হাত থেকে পাঁচ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে ভারতের পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে তিন নারীকেও।
রবিবার (২৩ জুলাই) গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ওই পাঁচজন বাংলাদেশি নারীকে উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার ওই পাঁচ নারীকে নিয়ে ঢাকা থেকে রওয়ানা হয় পাচারকারীরা। এরপর রবিবার তারা ভারতীয় সীমান্তের কাছে এসে পৌঁছায়। রাতেই অবৈধভাবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দোমোহনা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই পাঁচ নারী ভারতে প্রবেশ করে। সেখান থেকে তাদেরকে ভারতীয় প্রান্তে থাকা পাচারকারীরা নিয়ে যায় এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায়।
আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। সেখান থেকেই পাঁচ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে আটক করা হয় ফনি রায়, ঝন্টু রায় ও সঞ্জয় রায় নামে তিনজনকে। তাদের সকলেরই বাড়ি শিলিগুড়ি এলাকায়।
জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি নারীকে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায় অভিযুক্ত পাচারকারীরা।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই নারীদের ভারতে নকল নথি বানিয়ে পার্শ্ববর্তী দেশ গুলিতে পাচার করে দেওয়ার পরিকল্পনায় ছিল অভিযুক্তরা। এই ঘটনার সাথে বড় কোন আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত পাচারকারী সন্দেহে তিন অভিযুক্তকেই সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাদের তিনজনকে সাত দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দেন আদালত। তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত তথ্য জানতে চায় পুলিশ।
অন্যদিকে, উদ্ধার হওয়া বাংলাদেশি নারীদের পাঠানো হয়েছে স্থানীয় একটি হোমে।
