কানাডার বোস্টনবারে নতুন করে আবারও দাবানল

কানাডা প্রতিনিধি

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলের ছোট্ট জনপদ বোস্টনবারে নতুন করে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে সেখানে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রেজার ভ্যালি রিজিওনাল ডিস্ট্রিক্ট।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বোস্টন বারের দক্ষিণে নতুন একটি দাবানলের সূত্রপাত হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, আপনি বিপদের মধ্যে আছেন। নিজের নিরাপত্তার জন্য এখনই এলাকা ত্যাগ করুন। যারা এখনো কমিউনিটিতে অবস্থান করছেন, তাদের অবিলম্বে চলে যেতে হবে।

এর পাশাপাশি বোস্টন বারের দক্ষিণে হেলস গেট এবং স্কাজি ক্রিক ফরেস্ট সার্ভিস রোড এলাকার আরও কয়েকটি সম্পত্তিকে নতুন করে সরিয়ে নেওয়ার আওতায় আনা হয়েছে। বোস্টন বার ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে, ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ক্যানিয়ন অঞ্চলে অবস্থিত।

দাবানলের কারণে হাইওয়ে-১ এর একটি বড় অংশ উভয় দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে হাইওয়ে-৫ ব্যবহার করতে বলা হয়েছে। তবে বোস্টন বার থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের উত্তরমুখী হাইওয়ে-১ দিয়েই যাত্রা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন দাবানলটির আয়তন ইতোমধ্যে প্রায় ৩০০ হেক্টর এবং এটি ‘আউট অব কন্ট্রোল’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এটি মূলত ব্রান্সউইক ক্রিক দাবানল থেকে ছড়িয়ে পড়া একটি স্পট ফায়ার।

গত সপ্তাহে ব্রান্সউইক ক্রিক ও আইনসলি ক্রিক দাবানল নিয়ে গঠিত ব্রান্সউইক ক্রিক ওয়াইল্ডফায়ার কমপ্লেক্সের কারণে প্রায় ৪৫০টি সম্পত্তির বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কিছু বাসিন্দা সেই নির্দেশ অমান্য করে এলাকায় থেকে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঠিক কতজন এখনো অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বাস্তুচ্যুতদের সহায়তায় ক্যামলুপসের ম্যাকআর্থার আইল্যান্ড স্পোর্টস সেন্টারে একটি অস্থায়ী গ্রহণকেন্দ্র চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights