কাপাসিয়ায় গাছ নিয়ে বিরোধে হামলায় নিহত ১, গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানায় থাকা গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত এ কে এম আবু তাহের (৫৬) উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্ত্রী সালমা বেগম জানান, আবু তাহের ও আবুল কাশেমের মাঝে সীমানায় লাগানো একটি বেলজিয়াম গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান ছিল। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে আবু তাহের কাপাসিয়া থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। শুক্রবার সকালে আবু তাহেরের ছোট ভাই আবুল কাশেম সীমানায় থাকা বিরোধপূর্ণ সেই গাছটি কাটছিলেন। এ সময় আবু তাহের বাঁধা দিলে আবুল কাশেম ও তার ছেলে পারভেজ আবু তাহেরকে মারধর করে। এক পর্যায়ে আবু তাহের ঘটনাস্থলে মাটিতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আমরাইদ এলাকার একটি ক্লিনিকে পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই আবু তাহেরের মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনায় আবুল কাশেম ও তার স্ত্রী পারভীন আক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
