কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’
অনলাইন ডেস্ক
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু বলেছেন, জাতীয় দল থেকে অবসরের পর নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সফল ও সম্মানজনক। নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, তিনি আর জাতীয় দলের হয়ে খেলতে চান না।
ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৫০টি ম্যাচ খেলা কাফু রয়টার্সকে বলেন, জাতীয় দলের সঙ্গে সবারই একসময় অধ্যায় শেষ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এই অধ্যায়টি ছিল সফল। তিনি নিজের ছাপ রেখে গেছেন, বিশ্ব ফুটবলে ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছেন। ব্রাজিলের জার্সিতে তার পরিসংখ্যান অবিশ্বাস্য। জাতীয় দলের হয়ে তার সময়টা ছিল অত্যন্ত সম্মানজনক।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের এই বিদায় ১৯৯০ সালের পর তাদের সবচেয়ে দ্রুততম বিদায়। এর ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ষষ্ঠ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে নেইমার ৮০টি গোল করেছেন এবং ৫৮টি অ্যাসিস্ট করেছেন। তবে জাতীয় দলের হয়ে তার ঝুলিতে রয়েছে কেবল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। তিনি চারটি ফিফা বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী কাফু মনে করেন, কার্লো আনচেলত্তির এখন পরবর্তী প্রজন্মের দিকে মনোযোগ দেওয়া উচিত, কারণ তিনি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে একটি নতুন দল গড়ে তুলছেন। ইতালিয়ান ক্লাব এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলা কাফু বলেন, আমি নিশ্চিত ২০৩০ সালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। সেবার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ ও সম্ভাবনা থাকবে ব্রাজিলের সামনে। এটি একটি নতুন অধ্যায়, একটি নতুন প্রকল্প। আনচেলত্তি এখন কাজ করার এবং নিজের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন।
২০২৫ সালে দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে রাখা হয়েছে। তিনি সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে পরখ করে দেখেছেন। বিশ্বকাপ-পরবর্তী প্রথম সফরে আটজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করিয়েছেন।
গত সপ্তাহে ইতালীয় কোচ জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে নভেম্বরের প্রীতি ম্যাচগুলোর জন্য আরও একটি পরীক্ষামূলক দল ঘোষণা করেছেন, যেখানে পাঁচজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাফু বলেন, দল পুনর্গঠন সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এই তরুণদের নিয়ে ব্রাজিল দলের মধ্যে সঠিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব।
