কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

না‌লিতাবাড়ী প্রতি‌নি‌ধি

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যামামলার আসামি স্বপন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে৷ গ্রেফতার স্বপন মিয়া নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশির আকবর আলির ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে। এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি এবং কয়েদিকে পালিয়ে যেতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত হাজতি ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়। এরপর তিনি জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
না‌লিতাবাড়ী থানার নব‌নিযুক্ত অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. সা‌নোয়ার হো‌সেন ব‌লেন, পলাতক আসামীকে র‌্যাব আমা‌দের কা‌ছে হস্তান্তর ক‌রে। আজ আদাল‌তের মাধ্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights