কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র আহত, সড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র গুরুতর আহত হয়েছে। এসময় কলেজের ছাত্ররা কালিয়াকৈর ধামরাই সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। মঙ্গলবার সাড়ে দশটার সময় উপজেলার বকসিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত হলেন উপজেলার বাংগুরী গ্রামের রহমানের ছেলে সোহান (১৮)। একই গ্রামের জিহাদ। ওই দুই কলেজছাত্র কালিয়াকৈর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহান ও জিহাদ প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ ছুটির পর মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার সময় ধামরাই টু কালিয়াকৈরের আঞ্চলিক সড়কের উপজেলার বকসীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল থেকে সোহান ও জিহাদ ছিঁটকে সড়কের উপর পড়লে সোহানের পায়ের উপর দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় জিহাদ ও সোহান আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ খবর কালিয়াকৈর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ধামরায় টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে ব্রেঞ্চ ফেলে অবরোধ করেন। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। ত
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে পরিবেশ শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ আলাউদ্দিন খান জানান, বেপরোয়াভাবে ট্রাকটি আমাদের কলেজের দুই ছাত্রকে আহতের ঘটনায় ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ এসে আলাপ-আলোচনা করে অবরোধ তুলে নেয়া হয়েছে। আজকে যে পরীক্ষা ছিল তা স্থগিত করা হয়েছে। পরে কলেজ ছুটি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights