কাশিয়ানীতে ১২০০ মিটার চায়না ম্যাজিক জাল পুড়িয়ে ধ্বংস
গোপালগঞ্জ প্রতিনিধি
দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২০০ মিটার চায়না ম্যাজিক জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদ-সংলগ্ন জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৪৮টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে। যার আনুমানিক আয়তন ১২০০ মিটার। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিলুপ্তির হাত থেকে মৎস্যসম্পদ রক্ষা করা হবে।
