ব্রজিল দলে আর ফিরছেন না নেইমার : আনচেলত্তি

অনলাইন ডেস্ক

ব্রাজিল জাতীয় দলে নেইমারের অধ্যায় শেষ হয়েছে এবার বিষয়টি নিশ্চিত করলেন কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এরপর অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি তার।

সিএনএন স্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্ত নেইমার নিজেই নিয়েছেন। ব্রাজিলের কোচ বলেন, নেইমার ইতোমধ্যে তাকে জানিয়েছেন যে জাতীয় দলের হয়ে আর খেলতে চান না।

আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই বিশ্বকাপ দলে থাকার যোগ্যতা তার ছিল। নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের বিকল্প হতে পারে না, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভা। সে একজন অপরিহার্য খেলোয়াড়।’

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর সর্বশেষ বিশ্বকাপের আগে ব্রাজিলের দলে ফেরেন নেইমার। তবে ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও তাকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন আনচেলত্তি।

এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার। সেখানে নেইমারের একটি বক্তব্যও তুলে ধরেন তিনি। নেইমার বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ব্রাজিলের হয়ে অসংখ্য কীর্তি গড়েছেন তিনি। দুটি অলিম্পিক আসরে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক জেতার পর ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেন এই ফরোয়ার্ড।

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করেছেন। এর মধ্য দিয়ে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। সর্বশেষ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি তিনি। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights