কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহতের খবর পাওয়া যায়নি : পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

কিরগিজস্তানে সহিংসতায় বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে বাংলাদেশ গত ১৭ মে’র কিরগিজ রাজধানী বিশকেকের সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সেইসঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে তাসখন্দে বাংলাদেশের রাষ্ট্রদূতকে শিগগিরই কিরগিজস্তানে যাওয়ার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়,‘আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে ও কিরগিজ সরকারের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছে। এখনো পর্যন্ত বাংলাদেশি ছাত্রদের মধ্যে কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই।’

মন্ত্রণালয় আরও জানায়, ‘এ বিষয়ক যে কোনো সমস্যার ক্ষেত্রে জরুরি যোগাযোগের জন্য দূতাবাস ইতোমধ্যেই তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফোন নম্বর জানিয়েছে। দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসহ কিরগিজ প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।’

উল্লেখ্য, কিরগিস্তানে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশন নেই। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানের সঙ্গে সম্পর্ক দেখভাল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights