কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্রের কারখানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় এক ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদের নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভিতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভিতরে ঢুকে অস্ত্রের কারখানা সন্ধান পায়। এসময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তি। তিনি এখানে থাকেন না। তার ছেলে ফারুক বাসাটির তত্ত্বাবধায়ন করেন। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক তকবির উদ্দিন রকিব বাসাটির ভাড়াটিয়া। রকিব বাসাটি ভাড়া নিয়ে অস্ত্র তৈরি করে আসছি, এমন আলামত পাওয়া গেছে। রকিবের বাসাও একই এলাকায়। তিনি হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল। অভিযানের সময় রকিব পালিয়ে যায়। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights