কী নিয়ে বাঁচবেন কবির-আমেনা!

মোহাম্মদ কবির ও আমেনা বেগম। তাঁদের দুই সন্তান নুর মোহাম্মদ আরাফাত (১০) ও দশ মাস বয়সি আবু বকর আরাব। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সহোদরই হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেছে। এতে সর্বহারা হয়ে পড়েছে এই পরিবার। সন্তানদের হারিয়ে কাউকে চিনতে পারছেন না আমেনা। এমনকি স্বামী কবিরকেও। এখন কী নিয়ে বাঁচবেন কবির-আমেনা। কীভাবে তাঁরা সইবেন এ শোক?

কবিরের বড় ছেলে আরাফাত নগরের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার হিলভিউ আবাসিক এলাকায় থাকে। কবির একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বাড়ি ময়মনসিংহে। দুই ছেলে ও স্ত্রী নিয়ে সুখের সংসার ছিল। কিন্তু হাম ও ডেঙ্গু সব সুখ কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে অনেক ঋণ করতে হয়েছে কবিরকে। এরপরও যদি অন্তত একজন সন্তানকে বাঁচানো যেত, হয়তো তাকে ঘিরেই সান্ত্বনা নিয়ে বাঁচতে পারতেন। গতকাল দুপুরে নগরের হিলভিউ আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকাটি শোকসন্তপ্ত হয়ে পড়েছে। সবার মুখে মুখে ফিরছে এক পরিবারে দুই সন্তান চলে যাওয়ার বিষয়টি। সান্ত¦না দেওয়ার ভাষাও নেই কারও কাছে। জানা গেছে, প্রায় ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়লে তাকে প্রথমে নগরের সাউদার্ন, পরে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ইম্পেরিয়ালে কয়েক দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়ে। সঙ্গে বাড়ে চিকিৎসার খরচ। তাই ছেলেকে নেওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। রাখা হয় আইসিইউতে। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দেয়। গত শুক্রবার সকালে ছেলের জন্য ওষুধ আনতে যান কবির। তখনই খবর আসে আরাফাতের মৃত্যুর। বিকালেই নগরের মোমেনবাগ আবাসিক এলাকাসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এরই মধ্যে ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে আরাফাতের দশ মাস বয়সি ছোট ভাই আবু বকর আরাব। তাকেও ভর্তি করা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, পরে নেওয়া হয় আইসিইউতে, এরপর লাইফ সাপোর্টে। গত রবিবার রাত ১টার দিকে আরাবও না-ফেরার দেশে চলে যায়। গতকাল সকালে তাকেও বড় ভাইয়ের পাশে দাফন করা হয়েছে। মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম বলেন, ‘সব রকম চেষ্টা করেছি। মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। দুর্ভাগ্য একটি পরিবারের দুটি সন্তানই চলে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights