শ্রমিকদের প্রস্তাব ৩২ হাজার টাকা, সময় নিল মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডে মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব করা হয়। অন্যদিকে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে সময় চেয়ে নিয়েছে। বোর্ড সভা সূত্রে জানা গেছে, বোর্ডের দ্বিতীয় সভায় তাদের প্রস্তাব জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। প্রস্তাবে গ্রেডভেদে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। শ্রমিক পক্ষের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে মাসিক মজুরি ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস ও প্রবেশপর্যায়ের শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ বিবেচনায় নিয়ে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক প্রতিনিধি ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার। তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় নির্বাহে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে পোশাকশিল্পের সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে শ্রমিকপক্ষ তাদের দাবিতে কিছুটা ছাড় দিয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, সভায় শ্রমিক পক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে চতুর্থ গ্রেড সর্বনিম্ন গ্রেড। ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে এটিকেই ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। তবে সভায় শ্রমিক পক্ষ শুধু মজুরির অঙ্ক জমা দিয়েছে। গ্রেড, কাজের শ্রেণিবিন্যাস ও প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে আগামী সপ্তাহের সভায় বিস্তারিত আলোচনা হবে।চেয়ারম্যান আরও জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব জমা দিতে সাত কর্মদিবস সময় চেয়েছিলেন। শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে কারখানা পরিদর্শনসহ বিভিন্ন কাজে ব্যস্ততার কথা জানিয়ে তাঁরা এ সময় চান। পরে আলোচনা করে তাঁদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রস্তাব জমা না দিলে শ্রমিক পক্ষের প্রস্তাবের ভিত্তিতেই বোর্ডের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্পাঞ্চলের বিভিন্ন শ্রেণির কারখানা পরিদর্শন করা হবে। এদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, সভায় তাঁদের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে অস্থির পরিস্থিতির কারণে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সম্মতিতে আগামী চার কর্মদিবসের মধ্যে তাঁদের প্রস্তাব জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights