যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?

অনলাইন ডেস্ক

ইরানকে বাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের উন্নত অস্ত্র পরিবহন ঠেকাতে ‘টাস্কফোর্স আইরন গেট’ নামের একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণার পরপরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সহযোগিতা ছাড়া শুধু ছোট একটি গোয়েন্দা ইউনিটের পক্ষে ইরানের দীর্ঘ সীমান্ত ও বিস্তীর্ণ সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করা প্রায় অসম্ভব।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, এই টাস্কফোর্স পুরোপুরি কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্টকম জানিয়েছে, ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই ইউনিট অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে মিলে উন্নত অস্ত্র, প্রযুক্তি ও অবৈধ অর্থের চোরাচালান ঠেকানোর কাজ করবে।

মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় বলেন, এই টাস্কফোর্সের মূল কাজ হবে কোথা দিয়ে অস্ত্র আসছে এবং ইরান কীভাবে জ্বালানি পরিবহন করছে তা চিহ্নিত করা। তবে কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ এই উদ্যোগটিকে ‘হতাশাজনক চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মাত্র ২০ জন মানুষের পক্ষে হাজার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া সম্ভব নয়।

এই টাস্কফোর্স মূলত একটি ‘গোয়েন্দা সেল’ হিসেবে কাজ করবে, যার লক্ষ্য হলো ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহকে আরও ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলা।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ম্যাথিউ সাভিলের মতে, এই মিশন স্যাটেলাইট ছবি, ড্রোন, গোয়েন্দা তথ্য এবং ড্রোন হামলা বা সীমিত স্থল অভিযানের ওপর নির্ভর করতে পারে। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো দেশগুলো থেকে প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ ঠেকানো একটি বড় চ্যালেঞ্জ হবে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক বাধার মুখে পড়বে এই মিশন। কারণ ইরানের প্রতিবেশী দেশগুলো, যেমন—ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও তুরস্ক এই প্রক্রিয়ায় সহায়তা করতে চাইবে না।

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের গবেষক রামি খুরি বলেন, হাজার বছর ধরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে ইরানের যে বিশাল ব্যবসায়ী নেটওয়ার্ক গড়ে উঠেছে, তা যুক্তরাষ্ট্রের পক্ষে পুরোপুরি বন্ধ করা অসম্ভব।

এই মিশনকে ঘিরে নতুন করে সংঘাত ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ক্রিগ সতর্ক করে বলেন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেশী দেশগুলোতে অভিযান চালালে যুদ্ধ আরও প্রসারিত হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে চাপ বাড়াতে পারে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যবহার করতে পারে।

অন্যদিকে, কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব জুয়াইরি বলেছেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নেই, আর রাশিয়ার ভয়ে প্রতিবেশীরাও সাহায্য করবে না। তাই মাঠে সেনা না নামানো পর্যন্ত এই টাস্কফোর্সের কাজের বাস্তবিক প্রভাব অত্যন্ত সীমিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights