কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ নৌকা এখন মানিকগঞ্জে
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেউথা এলাকার কালীগঙ্গা নদীতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে নৌকাবাইচ। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে নৌকা নিয়ে আসতে শুরু করেছেন প্রতিযোগীরা। এরই মধ্যে কুড়িগ্রামের রৌমারী থেকে ‘মায়ের দোয়া’ নামের খেল্লা নৌকা মানিকগঞ্জের বেউথা ঘাটে এসে নোঙর করেছে।
‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করে নৌকাটি। বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিনে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছায় এটি।
তিনি বলেন, ভারতের শাল কাঠ দিয়ে তৈরি ‘মায়ের দোয়া’ নৌকাটির এটি প্রথম নৌকাবাইচ। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এক বছর ধরে নৌকাটি তৈরি করা হয়েছে। প্রথমবারের প্রতিযোগিতাতেই জয় পাওয়ার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
আয়োজকেরা জানান, কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে চার ক্যাটাগরির নৌকা এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে খেল্লা, গয়ইটা, ঘাসি, ছিপা, ছান্দি ও পানসি নৌকা।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মাসুদ পারভেজ জানান, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাইপর্ব। আর ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেবে।
তিনি জানান, এবারের নৌকাবাইচে অংশগ্রহণকারী সব নৌকার জন্য রয়েছে বিশেষ পুরস্কার হিসেবে ৮ সিএফটি ফ্রিজ। চারটি ক্যাটাগরিতে বিজয়ী তিনটি নৌকার জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।
খেল্লা/গয়ইটা নৌকা বাইচে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ সিসির মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। এ ছাড়া বাছাইপর্বেও দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ রাখা হয়েছে।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটের ঐতিহ্যবাহী এ নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
