কুড়িগ্রামে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নে সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : ১৯.০১.২০২৬
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫ বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা মনিটরিং সেলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সুবল কুমার প্রামাণিকসহ জেলা মনিটরিং সেলের বিভিন্ন সদস্য প্রতিনিধি।
সভায় রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এতে গৃহকর্মী নিয়োগ ও চুক্তি, শোভন কাজের পরিবেশ, মজুরি নির্ধারণ, প্রসূতিকালীন সুবিধা, প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালনের অধিকার, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, নির্যাতনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ গৃহকর্মীদের সার্বিক অধিকার বিষয়ে প্রজ্ঞাপনের সুস্পষ্ট নির্দেশনা তুলে ধরা হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও আইন শাখা কর্তৃক প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি–২০১৫’ ২০১৬ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। নীতিটি বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের সকল স্তরের ও শ্রেণিপেশার মানুষকে গৃহকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করা জরুরি। এ লক্ষ্যে মনিটরিং সেলের সদস্যরা নিজ নিজ দায়িত্ববোধ থেকে সমাজের অতিপ্রয়োজনীয় এই পেশাজীবীদের সুরক্ষা ও কল্যাণে সক্রিয়ভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights