কুমিল্লায় দুই পুলিশকে পিটিয়ে হত্যা, দাউদকান্দিতে গুলিতে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে, দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে থানা পুলিশ গুলি করে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
পুলিশ সদস্যদের উদ্ধারের পর কিছু মানুষ তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা দুই পুলিশ সদস্য পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। লোকজন পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে, দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া সোমবার দাউদকান্দি বাজারে যান। পরে দাউদকান্দি মডেল থানার সামনের সড়কে পৌঁছার পর পুলিশের গুলিতে তিনি মারা যান। উৎসুক জনতা থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়তে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights