কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী আক্তার দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

মামলার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, বাংলাদেশ দণ্ডবিধির ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু’ সংক্রান্ত ৩০৪ (ক) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার বাদী নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার, যিনি নিজেও ওই বাসে ছিলেন।

অফিসার ইনচার্জ জসীম উদ্দিন আরও জানান, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে আসেন। সেখান থেকে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার পথে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনায় তিনি নিহত হন। একই ঘটনায় আহত তার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ঈদের দিন দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হন। এছাড়াও অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হন।

এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় দায়িত্বে থাকা রেলের দুই গেইটম্যান হেলাল ও মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেইট নির্ধারিত সময়ে বন্ধ করতে পারেননি দায়িত্বরত গেইটম্যানরা। এতেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights