হবিগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় দু’জন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত উমদা মিয়া ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, লাখাই উপজেলায় বাড়ির পাশে একটি গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
