গোপালগঞ্জে গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাই
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম আফরোজা বেগম। তিনি সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, সকালে বাড়িতে অবস্থানকালে এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে তার বাড়িতে প্রবেশ করে। প্রথমে তিনি রাজি না হলেও পরে ডাব পাড়তে দেন। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগিয়ে দেয় এবং তাকে খাবার খাওয়ানো হয়। পরে তাকে ৫০ টাকা দেওয়া হলে হঠাৎ সে আফরোজা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।
