কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে ১৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তে বিএসএফ-বিজিবির এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১ শিশু রয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে চৌদ্দগ্রামের আমানগন্ডা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে বিষয়টি জানানো হলে তারা বাংলাদেশি কিনা যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় সীমান্ত পিলার ২১০৪/৭-এস এর আওতাধীন এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয় বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১ শিশু রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করছে বিজিবি। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট, খুলনাসহ উত্তরাঞ্চলে। শুক্রবার তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights