কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২০, অনুপস্থিত ২৪২৭
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি (আবশ্যকি) দ্বিতীয়পত্র পরীক্ষায় দুই হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও অসদুপায় অবলম্বনের দায়ে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৫ শতাংশ।
এদের মধ্যে কুমিল্লায় ৮৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০৪ জন, চাঁদপুরে ২১৪ জন, ফেনীতে ১৯১ জন, নোয়াখালীতে ৫৭৯ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২৭৬ জন।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন আরও বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় ৫ জন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে ২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ৩ জনসহ মোট ২০ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
