কুমিল্লা সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর ও সালদা নদী বিওপি এবং কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
৬০ বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় দুই জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭৪ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
