কুয়েতের বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রে ইরানের হামলা, ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধনাগারে দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইরান। নতুন এই হামলায় কেন্দ্রটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্বর এই হামলায়’ ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ইউনিটে লাগা আগুন নেভাতে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মূলত কয়েকদিন আগে দক্ষিণ ইরানের একটি পানি সরবরাহ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই হামলায় প্রায় ১০ হাজার মানুষের খাবার পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরই ইরান হুঁশিয়ারি দেয়, তাদের স্থাপনায় মার্কিন হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে আরব লিগ। সংস্থার মহাসচিব নাবিল ফাহমি আরব দেশগুলোতে ইরানের হামলার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত মধ্যপ্রাচ্যকে ধ্বংস ও সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে; যার মূল্য আরব দেশগুলোর দেওয়া উচিত নয়। তিনি উভয় পক্ষকে উত্তেজনা কমিয়ে চুক্তিতে ফেরা এবং ‘হরমুজ প্রণালি’ দিয়ে নৌচলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান।

এদিকে, হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন কুয়েতের প্রধানমন্ত্রী। চলমান এই সংঘাতের জেরে সাধারণ মানুষের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটির দিন হওয়া সত্ত্বেও কুয়েতের রাস্তাঘাট ও সৈকতগুলো প্রায় ফাঁকা। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে বেশি করে পানি ও টিনজাত খাবার মজুত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights