কুয়েত-জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক

কুয়েত-জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাতে জানা গেছে, বৃহস্পতিবার পরিচালিত এই হামলায় একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি বেশ কিছু সেনা হতাহত হয়েছে।

আইআরজিসির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হামলায় একটি বিশাল সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া উদাইরি ক্যাম্পে মার্কিন সেনাদের ব্যবহৃত আবাসন ব্যবস্থা এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারে হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং কয়েকজন আমেরিকান সেনা নিহত ও আহত হয়েছে।

ইরানের যোগাযোগ অবকাঠামোতে সাম্প্রতিক মার্কিন আক্রমণের জবাবেই সেখানকার একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এ সময় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘনের উদ্দেশ্য তাদের নেই বলেও স্পষ্ট করে আইআরজিসি।

অন্যদিকে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও একযোগে হামলা চালায় ইরানি বাহিনী। হামলায় জর্ডানের ঘাঁটিতে থাকা একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, একটি প্যাট্রিওট সিস্টেম এবং সি-র‌্যাম রাডার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। হামলায় বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক, হেলিকপ্টার সরঞ্জামের গুদাম এবং একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে আগুন ধরে যায়।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights