কুরস্ক সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে দিয়েছে ইউক্রেন: মস্কো

মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনার পর দক্ষিণ-পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৩৩ জন বেসামরিক নাগরিক ইউক্রেন থেকে দেশে ফিরে এসেছেন। রাশিয়ার সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভা সোমবার এ তথ্য জানিয়েছেন।

মোসকালকোভা টেলিগ্রামে বলেছেন, ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সমর্থন এবং বেলারুশের মধ্যস্থতায়, কুরস্ক অঞ্চলের ৩৩ জন বাসিন্দাকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেছেন, ‘এদের বেশিরভাগই বয়স্ক, তবে তাদের মধ্যে চারটি শিশুও রয়েছে। তাদের অনেকেরই গুরুতর অসুস্থ ও আঘাতের চিহ্ন রয়েছে।’

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রাশিয়ার ভূখণ্ডে কিয়েভের আকস্মিক আন্তঃসীমান্ত হামলার পর পশ্চিম কুরস্ক অঞ্চল থেকে বাস্তুচ্যুত কিছু বেসামরিক নাগরিককে রাশিয়ায় ফিরিয়ে দিয়েছে ইউক্রেন।

বার্তা সংস্থাটি বলছে, আগস্টে শুরু হওয়া ওই হামলার পর শত শত রাশিয়ান ইউক্রেনীয়-অধিকৃত অঞ্চলে আটকে পড়া তাদের আত্মীয়দের মধ্যে কর্তৃপক্ষের প্রতি উদ্বেগ এবং কিছুটা ক্ষোভের সৃষ্টি করেছে।

মস্কো গত সপ্তাহে বলেছে, হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের প্রতিবেশী সুমি অঞ্চলে প্রবেশকারী কিছু বেসামরিক নাগরিককে ফিরিয়ে আনার জন্য তারা কিয়েভের সাথে একটি চুক্তি করেছে।

ইউক্রেনে অবস্থিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মুখপাত্র প্যাট গ্রিফিথস এএফপি’কে জানান, দলটিকে গত মাসে ইউক্রেনীয় শহর সুমিতে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার খিনশটাইন বলেন, বেশ কয়েক মাসের ‘জটিল আলোচনার’ পর তাদের প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা হয়। সূত্র: দ্য মস্কো টাইমস

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Verified by MonsterInsights