কুষ্টিয়ায় পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে চাষীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজ উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে দ্বিতীয় দিনের মত খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাষীরা। পরে দুপুর আড়াই টার দিকে কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মানববন্ধন শেষে চাষিরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর সদস্যরা কুষ্টিয়া থেকে সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুদ্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণেরও বেশি খরচ করে তাদের চাষ করতে হয়েছে। কিন্তু উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে সরকার ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। তাই আমদানি বন্ধ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি জানান তারা।
এবিষয়ে খলিশাকুন্ডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, এ বিষয়ে চাষিদের একটি স্মারক লিপি দিতে বলা হয়েছে ইউএনও স্যারের মাধ্যমে। বর্তমানে অবরোধ উঠে গিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটি একটি জাতীয় বিষয়। আমরা চাষীদের সাথে কথা বলছি তাদের বুঝাতে চেষ্টা করছি। অবরোধ উঠে গিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
