ফুলবাড়ীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলিফ উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভাঙ্গামোড় ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ সবুজ রানা। সৈয়দ সবুজ রানা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বারাইতারী গ্রামের নজির হোসেন ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ওই দুই নেতা। তাদের দুজনকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয় বলেও জানায় পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান,আজ বৃহস্পতিবার তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হচ্ছে।
