কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন, শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু(৪৭), খলিশাকুন্ডী গ্রামের আজিরউদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম(৫৫), একই এলাকার মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন(৫০) এবং মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম(২৫)।
ভ্রাম্যমাণ আদালত মো. পাঞ্জুকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপজেলাজুড়ে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
