কৃত্রিম আলোর ধোঁকায় পথ ভুল, ফ্লোরিডায় ৫৫টি কচ্ছপ ছানার মৃত্যু

অনলাইন ডেস্ক

সদ্য ডিম ফুটে বের হওয়া ছোট্ট সামুদ্রিক কচ্ছপগুলো খুঁজছিল সমুদ্রের পথ। স্বভাবজাত প্রবৃত্তি অনুযায়ী, চাঁদের আলো আর ঢেউয়ের ঝিকিমিকিই তাদের সাগরপানে টেনে নেওয়ার কথা। কিন্তু রাস্তার কৃত্রিম আলো তাদের বিভ্রান্ত করে। সমুদ্রের বদলে তারা চলে আসে ব্যস্ত সড়কে। আর তাতেই প্রাণ হারায় ৫৫টি কচ্ছপ ছানা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৈকতসংলগ্ন একটি রাস্তায় সম্প্রতি এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সড়কের ওপর কচ্ছপগুলোর মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। বিশেষজ্ঞরা জানান, সৈকতের কাছের বাড়িঘর, বারান্দা ও রাস্তার উজ্জ্বল আলো সদ্যোজাত এই প্রাণীগুলোকে পথ ভুলিয়ে দিয়েছিল।

দীর্ঘ ২৮ বছর ধরে কচ্ছপ সংরক্ষণে কাজ করছেন ক্রিস্টেন মাজারেল্লা। ‘আনা মারিয়া আইল্যান্ড টার্টল ওয়াচ’-এর এই নির্বাহী পরিচালক জানান, জীবনে একসঙ্গে এত কচ্ছপের মৃত্যু তিনি দেখেননি।

সকালে অড্রে ফিলিপস নামের এক পর্যটক একটি ছানাকে দেখে ভেবেছিলেন সেটি হয়তো বেঁচে আছে, কিন্তু ততক্ষণে সেটিও মারা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংরক্ষণকারী দলটি জানায়, মাত্র কয়েক ঘণ্টা বয়সী ছানাগুলো স্বভাবতই চাদের আলোর প্রতিফলন অনুসরণ করতে চেয়েছিল। কিন্তু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের আলো তাদের সোজা রাস্তায় টেনে আনে।

এমন ট্র্যাজেডি এড়াতে সমুদ্রতীরের বাসিন্দাদের ‘কচ্ছপ-বান্ধব’ হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। সূর্যাস্তের পর সৈকত থেকে দেখা যায়—এমন বাইরের আলো নিভিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি উজ্জ্বল আলোর বদলে লালচে বা হালকা আলো ব্যবহারের কথা বলা হয়েছে। একটু সচেতন হলেই এই প্রাণীদের নিরাপদে সমুদ্রে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights