কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১

অনলাইন ডেস্ক

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সোমবার পুলিশের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার কেনিয়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ৫২ পুলিশ কর্মকর্তা।

কেনিয়ায় ১৯৯০ সালের ৭ জুলাইের গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় ভাষায় ‘সাবা সাবা’ আন্দোলন নামে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। এরপর প্রতি বছরের জুলাইয়ে কেনিয়ার মানুষ মিছিল বের করে দিনটির স্মরণে। তবে এবার মিছিলটি বড় আকার ধারণ করে কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে।

রবিবার এক্স পোস্টে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জানমাল রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো, যারা শান্তিপূর্ণ মিছিলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা, ধ্বংস বা সহিংসতা ঘটাবে তাদের মোকাবিলা করা হবে কঠোরভাবে।

অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, পুলিশি নিপীড়ন এবং সরকারের সমালোচকদের নিখোঁজ হওয়াকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এরই মধ্যে বড় আকার ধারণ করেছে কেনিয়ায়। এইসব কারণে গত মাসেও বিক্ষোভ হয়েছিল, যা একপর্যায়ে সহিংস রূপ নিয়েছিল। গত মাসের আন্দোলনে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন।সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights